নওগাঁর পোরশায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে একটি জীবন্ত গাঁজা গাছ ও শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও গাছের সর্বমোট ওজন সাড়ে চার কেজি।
গত শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছাঃ পারুল বেগম (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
বিশাল গাঁজা গাছ উদ্ধার:
একই রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর দীঘিপাড়া এলাকায় দুই ঘণ্টাব্যাপী অপর একটি অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার বাসিন্দা সমরা-এর ছেলে অনিল (৫০)-এর বসতবাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, একটির ৬ ফুট এবং অপর দুটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন ৪ কেজি ৫০০ গ্রাম। অভিযান চলাকালে অনিলকে গ্রেপ্তার করে পুলিশ।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে পোরশা থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 
















