কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
আজ মঙ্গলবার(৩০ জুন) বিমানবন্দরে নিহতদের মরদেহগুলো গ্রহণের জন্য স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত ছিলেন।
ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানায় বোর্ড।মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদরাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।এর আগে, গেল ২১জুন কাতারের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই পাঁচ প্রবাসী। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন।

মাটি ও মানুষ ডেস্ক 


















