কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মো. ডালিম মিয়া (৩৪) নামে এক চিহ্নিত শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসের নেতৃত্বে দাড়িয়ারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে বাজরা বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের আড়তের ভেতর থেকে পিকআপটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপটিতে থাকা তুলার বস্তার আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মাদক কারবারি ডালিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডালিম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে। পুলিশের দাবি, ডালিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এদিকে পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় এ ধরনের জোরালো অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

স্টাফ রিপোর্টার 



















