নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত বাসের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কলেজে নিয়মিত যাতায়াতের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। শিক্ষার্থীরা তাদের যাতায়াতের সুবিধার জন্য একটি নিজস্ব বাস বরাদ্দের দাবি জানায়।
শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম এমপি বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট লিখিত আবেদন জানান।
সংসদ সদস্যের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 


















