সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি তেলবাহী ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও চারজন।
গত শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের নিয়ামত আলী, তাঁর স্ত্রী ও কন্যা। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়াও প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চালকসহ আশঙ্কাজনক অবস্থায় আটজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় উদ্ধার হওয়া গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। ঘাতক যান ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের একই উপজেলায় ‘ইউনিক পরিবহন’ ও ‘বেঙ্গল পরিবহন’-এর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

স্টাফ রিপোর্টার 


















