শেরপুরের নালিতাবাড়ীতে একটি রিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেছে মদবাহী একটি প্রাইভেটকার। এ সময় গাড়িটি থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে, তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার গাবতলী এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) এবং সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নালিতাবাড়ী থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকার বালুয়াকান্দা বাজার এলাকায় পৌঁছালে চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি একটি রিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর প্রাইভেটকারটি সড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনায় রিকশাচালক ও প্রাইভেটকারে থাকা দুই যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে উদ্ধার অভিযানের সময় কয়েকটি বোতল ভেঙে যায়। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গাড়িতে থাকা দুই যাত্রীকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর প্রতিনিধি 



















