জয়পুরহাটের আক্কেলপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ফোর্সের (এসআরবি) যৌথ অভিযানে প্রাচীন আমলের প্রায় ৭৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে যৌথ অভিযানিক দল।গত সোমবার রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গত মঙ্গলবার জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্যরা ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তিগুলো মজুত করেছেন—এমন গোপন সংবাদ পায় বিজিবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং এসআরবির সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে জালালপুর গ্রামের সচীন মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও বিহারপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে কামাল হোসেনকে (৫০) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে আক্কেলপুর গ্রামের মৃত সিরাজের উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৬২) এবং অনন্তপুর গ্রামের মাহাতাবের ছেলে জাকির হোসেনকে (৫০) আটক করা হয়।
বিজিবির দাবি, আটক চারজনই আন্তর্জাতিক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ৭৩ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। মূর্তিটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা মূর্তিটি আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার 



















