আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীনের দুটি আলোচিত নাটক—‘যৌবতী কন্যার মন’ ও ‘ধাবমান’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে সেলিম আল দীন স্মরণে চার দিনব্যাপী এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘যৌবতী কন্যার মন’। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে তাঁর আরেকটি সৃষ্টি ‘ধাবমান’।
আয়োজক সূত্রে জানা যায়, নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত মঞ্চচর্চা, অভিনয় ও প্রযোজনাকেন্দ্রিক কাজের অংশ হিসেবে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করছে। একই সঙ্গে শিল্পকলা একাডেমির মঞ্চে পরপর চার দিন সেলিম আল দীনের নাটক প্রদর্শনের মাধ্যমে দর্শকদের সামনে তাঁর নাট্যরীতি ও ভাবনা নতুনভাবে উপস্থাপিত হবে।
পোস্টারে নাট্যাচার্য সেলিম আল দীনের বিখ্যাত একটি উদ্ধৃতিও ব্যবহার করা হয়েছে—
“এই আমাদের দেশ
আমার কিছু নাই
আমি শূন্যে ভাসমান
গঠিত হই শূন্যে মিলায়”
উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ বর্তমানে দেশের নাট্য ও সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ একাডেমিক পরিসর হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

স্টাফ রিপোর্টার 


















