লিবিয়ায় বাংলাদেশি এক প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে অমানবিক নির্যাতন এবং পরিবারের কাছ থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মর্জিনা বেগম (৩৯) আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। চক্রটির প্রধান অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন উত্তম সরকার ওরফে সুমন (৪৪)।
ভুক্তভোগী প্রবাসী ইদ্রিস আলী (৫৪) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির আনজারা এলাকায় বসবাস করে আসছিলেন।
যেভাবে ঘটেছিল অপহরণ ও নির্যাতন:
মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সন্ধ্যায় উত্তম সরকার ওরফে সুমন, আসলাম, আরিফ মোল্লা ও রাজু মিয়াসহ ৫-৬ জনের একটি সশস্ত্র দল তিনটি গাড়িতে করে ইদ্রিস আলীর লিবিয়ার বাসা ঘেরাও করে। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার চোখ বেঁধে জোরপূর্বক অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। এ সময় তার পাসপোর্ট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
ঘটনার দুদিন পর ইদ্রিস আলীকে অমানবিক নির্যাতনের ভিডিও ইমো (Imo) অ্যাপের মাধ্যমে তার স্ত্রী ফাতেমা বেগমের কাছে পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ইদ্রিসকে হত্যার হুমকি দেওয়া হয়। স্বামীর জীবন বাঁচাতে স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ইসলামী ব্যাংকের একটি হিসাবে প্রথম দফায় ২০ লাখ টাকা পাঠান ফাতেমা।
তবে টাকা পাওয়ার পরও থামেনি চক্রটি। তারা আরও ৩০ লাখ টাকা দাবি করে ইদ্রিস আলীর ওপর লোহার রড দিয়ে পৈশাচিক নির্যাতন চালায়। একপর্যায়ে তার ডান পা ভেঙে ফেলা হয়। দিনে মাত্র একটি রুটি ও এক বোতল পানি দিয়ে তাকে দীর্ঘ ১ মাস ১৪ দিন বন্দি রাখা হয়। স্বামীর জীবন বাঁচাতে পরবর্তীতে ব্যাংক ও বিকাশের মাধ্যমে আরও ৩০ লাখ ৫০ হাজার টাকা পাঠান তার স্ত্রী।
সব মিলিয়ে চক্রটি বিভিন্ন মাধ্যমে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর গত ৮ এপ্রিল ইদ্রিস আলীকে ত্রিপোলির মদিনা এলাকার একটি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
দেশে ফেরা ও আইনি পদক্ষেপ:
পরবর্তীতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত ২২ জুলাই দেশে ফেরেন ভুক্তভোগী ইদ্রিস আলী। দেশে ফিরে প্রাথমিক চিকিৎসা ও কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা শাখা স্বতঃপ্রণোদিত হয়ে এর ছায়া তদন্ত শুরু করে।
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, এই সংঘবদ্ধ চক্রটি লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করে আসছিল।
তিনি আরও জানান, তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে মর্জিনা বেগম স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চক্রটির পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পিবিআইয়ের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 



















