শিক্ষক সংকটের পাশাপাশি শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও সড়ক সমস্যায় দুর্ভোগ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। মাত্র ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে। শিক্ষক সংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত খালুয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪১৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানে শিক্ষক রয়েছেন মাত্র ১০ জন। অফিস সহকারীসহ অন্যান্য পদে কর্মরত রয়েছেন আরও পাঁচজন স্টাফ। তবে প্রতিষ্ঠানে অনুমোদিত ১১টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম থাকায় বিভিন্ন শ্রেণির পাঠদান পরিচালনায় শিক্ষকদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শূন্য পদগুলোতে শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
শুধু শিক্ষক সংকটই নয়, প্রতিষ্ঠানটিতে রয়েছে অবকাঠামোগত নানা সমস্যা। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় কয়েকটি টিনশেড কক্ষে পাঠদান করতে হচ্ছে। পাশাপাশি রয়েছে একটি পুরোনো ও জরাজীর্ণ একতলা ভবন। ৪১৩ জন শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধাও নেই। প্রয়োজনীয় ওয়াশব্লক না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণে নতুন ভবন অনুমোদন এবং ওয়াশব্লকসহ প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এদিকে, মাদ্রাসাটিতে যাতায়াতের ক্ষেত্রেও রয়েছে ভোগান্তি। পাকা সড়ক থেকে মাদ্রাসা পর্যন্ত যাওয়ার রাস্তাটি এখনো কাঁচা। বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।
খালুয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আ. হেলিম ১১ জন শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক সংকটের কারণে পাঠদান পরিচালনায় সমস্যা হচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত শিক্ষক সংকট নিরসন, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ এবং মাদ্রাসায় যাতায়াতের কাঁচা সড়কটি উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















