জীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় সাত দিনব্যাপী এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার।
বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে দীর্ঘকাল ধরে কাজ করে আসছে। এবারের ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর কার্যক্রম ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে নানা কর্মসূচি রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















