শারদীয় দুর্গাপূজায় মদ্যপান করে নাচানাচি বা মাতলামি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, পূজামণ্ডপে কেউ মদ খেয়ে নাচানাচি করলে তাকে ঘাড় ধরে নিয়ে আসা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি। পূজা চলাকালে কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে ঘাড় ধরে নিয়ে আসা হবে। পরে পুলিশের মেডিকেল টিমের কাছে নিয়ে ওয়াশ করিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘তাদের মধ্যে দুই-একজন মদ খেয়ে মাতলামি করে পরিবেশ নষ্ট করে। তাদের দেখাদেখি অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব পুলিশ কঠোর হাতে দমন করবে।’
প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নির্বিঘ্নে পূজা উদ্যাপনে পুলিশের দায়িত্ব রয়েছে এবং পুলিশ তা যথাযথভাবে পালন করবে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বেশি থাকবে। শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে।পাশাপাশি প্রতিমা তৈরির সময়ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্টাফ রিপোর্টার 



















