নেত্রকোণার পূর্বধলায় ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।গত সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ডেন্টাল সার্জন শেখ ইশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আব্দুল আজিজ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ভজন মার্মা এবং স্থানীয় সাংবাদিকেরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে অন্যতম বড় বাধা। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় লামিয়া, ফারিয়া, আফিয়া ও পুষ্পিতা কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 



















