বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়ামটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান। রোববার দুপুরে পরিদর্শন শেষে স্টেডিয়ামটির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় কাজের প্রাক্কলন তৈরি করা হয়।
জানা গেছে, সান্তাহার স্টেডিয়ামকে দৃষ্টিনন্দন ও আধুনিক রূপ দিতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার গত ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি চাহিদা পত্র (ডিও লেটার) পাঠান। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিনিধি দল স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এবং চাহিদা অনুযায়ী উন্নয়নকাজের প্রাথমিক খসড়া প্রাক্কলন প্রস্তুত করে।
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাংবাদিক মনসুর আলী।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান ও আমিনুল ইসলাম কোহেল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, স্থানীয় সংসদ সদস্যের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ভিত্তিতে এবং চাহিদামাফিক স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন তৈরি করা হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং সান্তাহার স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমি গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার প্রদান করেছিলাম। স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হলে স্থানীয় তরুণ ও যুবসমাজ খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে। খেলাধুলার চর্চা বাড়লে তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”

স্টাফ রিপোর্টার 



















