“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় স্কুলটির ২০৪ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “সততা স্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা গড়ে উঠবে। পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও বাউবি’র কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বাউবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন এবং স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক (শিক্ষা) জনাব মোঃ জহুরুল ইসলাম।
উল্লেখ্য, সততা স্টোরের মূল উদ্দেশ্য হলো বিক্রেতাহীন কেনাকাটায় নিজ বিবেককে পাহারাদার হিসেবে বিবেচনা করে সততা যাচাই করা, পণ্যের সঠিক মূল্য পরিশোধ, সত্যবাদিতা ও নৈতিক আচরণের চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। সততাকে শ্রেষ্ঠ পুঁজি ও জীবনের উন্নতির ভিত্তি হিসেবে তুলে ধরে আদর্শ মানুষ গঠন, সত্য প্রকাশে নির্ভীক থাকা এবং সৎ জীবনযাপনের মাধ্যমে সার্বিক আত্মশুদ্ধি অর্জন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক 



















