নেত্রকোণা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (অক্টোবর-২০২৬) উপলক্ষে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) দুপুর ৩টায় নেত্রকোণা পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর টিআরসি পদে নিয়োগের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম ও পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
নেত্রকোণা জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 



















