শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।

ডিজিটাল ডেস্ক 

























