কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখিয়েছে।
স্বৈরাচারী সরকারের আমলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ে তথ্য বিকৃতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের সামনে সঠিক ও নির্মোহ তথ্য-উপাত্ত তুলে ধরার বিষয়ে কাজ শুরু করেছে। কারণ, বিগত স্বৈরাচারী আমলে জিডিপি প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারচুপি করা হয়েছিল।’
তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার দেশে গণতন্ত্র না থাকলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে- তা দেখানোর জন্য কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত। একই সঙ্গে মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যাও কমিয়ে দেখানোর প্রবণতা ছিল। ফলে প্রকৃত অর্থনৈতিক চিত্র আড়াল করে একটি ভ্রান্ত উন্নয়নের ধারণা তৈরি করা হয়েছিল।’
উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে প্রকৃত তথ্য প্রকাশের ফলে অতীতের সেই বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করার একটি প্রবণতা দেখা যেতে পারে। তাই জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতেই সরকার সঠিক পরিসংখ্যান প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।’
অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘কপি-পেস্টের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকাসহ সারা দেশে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুতই নিবন্ধন পেয়ে যাবে।’
এছাড়া অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

ডিজিটাল রিপোর্ট 

























