নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান এবং নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব ‘দেউলী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।হাজং সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারার প্রতিফলন ঘটানো এ উৎসবে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোণা)বিশেষ প্রতিনিধি 


















