চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ডালিম (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ডালিম নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের এমরান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে পীরপুর সাহানাপাড়া গ্রামে ডালিমের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।
অভিযানকালে ডালিমের হেফাজত থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের দুটি চোরাই গাভী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাভী দুটির মধ্যে একটি লাল রঙের, যার দুটি শিং প্রায় আড়াই ইঞ্চি লম্বা এবং আটটি দাঁত রয়েছে। গাভীটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার দুটি শিং প্রায় দুই ইঞ্চি লম্বা এবং দুটি দাঁত রয়েছে। এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।
নাচোল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে চুরি ও ডাকাতিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















