প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর ২০২৬) সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সাহিত্যভাবনাকে ধারণ করে নীরা কাদরী দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক অনন্য পরিমণ্ডল গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রন্থালোচনা এবং সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে একটি সৃজনশীল সেতুবন্ধন তৈরি হয়েছে, যা প্রবাসে বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভার শুরুতে কবি ও সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিবুর রহমান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘প্রেমের গল্প’ গ্রন্থের ‘সুখী মানুষ’, ‘অতিথি’ ও ‘শঙ্খমালা’ গল্প তিনটি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও চরিত্রের স্বাভাবিক উপস্থাপনায় লেখক সাধারণ ঘটনার মধ্যেও মানুষের সুখ-দুঃখ, অনুভূতি, সম্পর্ক ও জীবনবোধের গভীর উপলব্ধিকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছেন।
এরপর কবি, লেখক ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন বিশিষ্ট দার্শনিক ও সাহিত্য সমালোচক আবু সয়ীদ আইয়ুবের ‘পান্থজনের সখা’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও জীবনদর্শনভিত্তিক এই মননশীল প্রবন্ধগ্রন্থে কবিতা, নাটক, গান, প্রেম, দুঃখ, ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর বিশ্লেষণ রয়েছে। যুক্তি, দর্শন ও নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে লেখক রবীন্দ্রসৃষ্টিকে নতুনভাবে উপলব্ধি এবং জ্ঞানচর্চা ও আত্মজিজ্ঞাসার পথ সুগম করেছেন।
কবি ও লেখক রাজিয়া নাজমী আলোচনা করেন আহমদ ছফার কালজয়ী উপন্যাস ‘ওঙ্কার’ নিয়ে। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং বাঙালির আত্মপরিচয়ের সংগ্রামভিত্তিক এই উপন্যাসে একটি বোবা মেয়ের নীরবতার মধ্য দিয়ে লেখক একটি জাতির অবদমিত কণ্ঠস্বরকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। ছোট পরিসরে ভাষা, অধিকার, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষার গভীর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এতে প্রকাশ পেয়েছে।
সবশেষে কবি ও লেখক মনিজা রহমান কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘ছোট বকুলপুরের যাত্রী’ ছোটগল্পটি নিয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন, গ্রামীণ জীবন, সাধারণ মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক টানাপোড়েন গল্পটির মূল আকর্ষণ। লেখকের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
বক্তাদের সার্বিক আলোচনায় উঠে আসে যে, আলোচিত চারটি সাহিত্যকর্মে ভালোবাসা, জীবনদর্শন, ভাষার অধিকার ও সামাজিক বাস্তবতার ভিন্ন ভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। সাহিত্যচর্চা মানুষের ভেতরে আনন্দের পাশাপাশি চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে বলে তাঁরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে সঞ্চালক ও সাহিত্য বিশ্লেষক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপক শান্তে গেইন, লেখিকা সাহিদা পারভীনসহ উপস্থিত ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার 


















