চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় কল্পতরু সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ২০তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মহোৎসব আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত নোয়াপাড়া কল্পতরু রাস মন্দির প্রাঙ্গণে চলবে।
মহোৎসবের সূচনা দিনে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঊষা কীর্তন এবং শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক আচার অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে প্রতিদিন শ্রীশ্রী রাধাগোবিন্দের রাজভোগ নিবেদন এবং ভক্ত-অনুরাগীদের জন্য দিবা-রাত্রি মহাপ্রসাদ ও অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
পাঁচ দিনব্যাপী আয়োজনের অন্যতম ধর্মীয় পর্ব শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন আশালতা কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাস। এতে পৌরহিত্য করবেন পটিয়ার হাইদগাঁও রাধা মদনমোহন মন্দিরের সেবায়েত বৈষ্ণবপ্রবর শ্রী বাবলা চক্রবর্তী এবং সহকারী পৌরহিত্যে থাকবেন নোয়াপাড়া কল্পতরু রাস মন্দিরের সেবায়েত বৈষ্ণবপ্রবর শ্রী সুমন ভট্টাচার্য।
ধর্মীয় আচারের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এবারের মহোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘প্রণাম’। এ ছাড়া গীতি আলেখ্য ‘নব চেতনা’, কল্পতরু সাংস্কৃতিক ফোরাম এবং টেলিভিশন, বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক পর্বটি সঞ্চালনা করবেন মহোৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক আকাশ নন্দী।
হিন্দুধর্মীয় শাস্ত্র ও বৈষ্ণবীয় দর্শন অনুসারে, শ্রীকৃষ্ণের রাসলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজধামের গোপীদের এক অপার্থিব ও আধ্যাত্মিক লীলাবিলাস, যার বিস্তারিত বর্ণনা রয়েছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে। পুরাণের বর্ণনা মতে, বৃন্দাবনের শরৎপূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে আকৃষ্ট হয়ে গোপীরা যমুনাতীরে সমবেত হন এবং সেখানে যে দিব্য নৃত্য ও লীলায় মেতে ওঠেন, তা-ই রাসলীলা নামে পরিচিত। এই উৎসব ভগবানের প্রতি আত্মার নিঃস্বার্থ প্রেম, আত্মসমর্পণ, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করে।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এবারের ২০তম রাস মহোৎসব সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের এক মহামিলনমেলায় পরিণত হবে।

স্টাফ রিপোর্টার 


















