কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার মুছারকুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. আবুল কাসেম (২৩), আনজুমানপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে মো. নয়ন মনি (২০) এবং একই গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. তারেক মিয়া (২০)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের পূর্ব পাশে বেড়ির নিচে এবং হাফছড়া ঘেরের পশ্চিম পাশে বাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমার সীমান্ত দিক থেকে তিন ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরবর্তীতে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যদের ধাওয়ায় তিনজনই আটক হন। পরে তাদের তল্লাশি করে বহন করা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিনটি কার্টন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন।
এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

স্টাফ রিপোর্টার 



















