গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুমাইশা আক্তার নরসিংদী সদর উপজেলার মো. রকি মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হুমাইশার বাবা-মা ঢাকায় চাকরি করেন। জন্মের পর থেকেই সে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় নানাবাড়িতে থেকে লালিত-পালিত হচ্ছিল।
ঘটনার দিন সকালে হুমাইশার ছোট ফুফু তাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে যান। এর কিছু সময় পর সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জমির একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















