খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির একটি ছয়তলা পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পরে পাশের আরেকটি ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। পাশে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতের বয়স আনুমানিক যুবতী বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্টাফ রিপোর্টার 


















