গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে মামলার ২ নম্বর এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার স্বপন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোপালগঞ্জের কলেজ শিক্ষার্থী হত্যা মামলার এক আসামি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি স্বপন মোল্লাকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পরে গ্রেপ্তার আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার ৭ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্টাফ রিপোর্টার 


















