চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি (১১ টন) রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি ট্রাক থেকে ফিশিং বোটে অবৈধভাবে রাসায়নিক সার স্থানান্তরের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। জব্দ করা সারের মোট ওজন ১১ হাজার কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত পাচারকারী এবং জব্দ করা সার ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটির দায়িত্বশীল কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার 




















