জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়ন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীন আমলের প্রায় ১৩৬ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সংলগ্ন প্রতিবেশী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের একটি বাড়িতে কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে এগুলো মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ দল গঠিত হয়।
গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি ও একটি নকশাকাটা পাথরসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন:
আলিফ হোসেন (২২), পিতা: আরিফ হোসেন, গ্রাম: দইহারা
সরজিনা বেগম (৩০), স্বামী: বুরুজ মিয়া, গ্রাম: দইহারা
এনামুল (৫০), পিতা: মৃত আবুল কাসেম, গ্রাম: জিড়াই
উদ্ধারকৃত দুটি মূর্তির ওজন প্রায় ১৩৬ কেজি এবং এর আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
মূর্তিগুলোর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মূর্তি ও আটক আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















