কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদীতে নিয়মিত টহল ও অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক পাচারকারীরা দ্রুত একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে সাঁতরে পালিয়ে যায়।
পরবর্তীতে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার ও তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা এসব মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।মাদক পাচার রোধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















