কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক পাচারকারীর নাম-পরিচয় জানা যায়নি।
গত সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকাজে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের বক্তব্য:
জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি 





















