কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে সকাল ৬টা ১০ মিনিটে টেকনাফ শাপলা চত্বর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে মাদক বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর দলটি ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে দেখে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতর তল্লাশি চালিয়ে নয়টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানকালে মাদক কারবারে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















