ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মোড় থেকে ফুলবাড়িয়া সড়কের ধানীখোলা বাজার সংলগ্ন সুতিয়া নদীর ওপর নির্মিত পুরোনো ব্রিজটি এখন পথচারী ও যানবাহন চলাচলের জন্য এক চরম মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটিতে বড় বড় ফাটল দেখা দেওয়ার পাশাপাশি কংক্রিটের ঢালাই ভেঙে মাঝখানে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির
পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে এবং স্ল্যাবের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় নিচ দিয়ে নদী দেখা যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা বাঁশের কঞ্চিতে লাল কাপড় বেঁধে সতর্কতামূলক চিহ্ন হিসেবে গর্তের ভেতর পুঁতে রেখেছেন।
ব্রিজটিতে স্থাপিত ফলক অনুযায়ী, ১৯৬৭-১৯৬৮ সালে এটি নির্মাণ করা হয়। দীর্ঘ ৫৮ বছরের পুরোনো এই জরাজীর্ণ অবকাঠামোটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত এই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে ট্রাক, সিএনজি, অটো রিকশাসহ শত শত হালকা ও ভারী যানবাহন। যেকোনো মুহূর্তে পুরো ব্রিজ ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনের সময় স্থানীয় প্রতিনিধিরা ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বৈলর ও ধানীখোলা ইউনিয়নের সংযোগকারী অন্যতম এই গুরুত্বপূর্ণ পথটি অবহেলিত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় অধিবাসীরা অতি দ্রুত ময়মনসিংহ ০৭ (ত্রিশাল) আসনের সাংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সরেজমিনে পরিদর্শনপূর্বক অনতিবিলম্বে সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

রিফাত উজ জামান স্টাফ রিপোর্টার 


















