শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নবীনগর থানার সম্মেলনকক্ষে থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ, পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও সাংবাদিক সাধন সাহা জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদ্যাপন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা পূজা নির্বিঘ্নে ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে সুদৃঢ় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো সন্দেহজনক বা জরুরি পরিস্থিতিতে দ্রুত থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তায় সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















