তেলবাহী লরির ট্যাংকার তল্লাশি করে ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।গত বৃহস্পতিবার (গত বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইষাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। গত শুক্রবার (পরদিন) সকালে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার চালকের সহকারী মো. মনির হোসেন (৩০)।
র্যাব জানায়, সিলেট ও হবিগঞ্জ এলাকা থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে লুকিয়ে নরসিংদী হয়ে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ (নরসিংদী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মনোহরদী উপজেলার মইষাকান্দি এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ওই তেলবাহী ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে লরির ট্যাংকারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত তেলবাহী ট্রাকটি এবং আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















