খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় এজাহারনামীয় ও সম্পৃক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল এবং যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম-সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আজমুল হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় হত্যাকাণ্ডে এই দুই আসামির সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পায় পুলিশ। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এর আগে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটন এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনতে মামলার তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্টাফ রিপোর্টার 


















