শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে চিরকুট লিখে রিমা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিমা আক্তার একই গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় কন্যা এবং স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলায় বাবাকে হারানোর পর মা জহুরা বেগম ও তিন বোনকে নিয়ে নানার বাড়িতেই বেড়ে ওঠে রিমা। পরিবারের আর্থিক ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ফাঁসি র অবস্থায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং একটি হাতে লেখা চিরকুট জব্দ করে। পুলিশ সূত্রে জানা গেছে, চিরকুটে ব্যক্তিগত অনুভূতি ও পারিবারিক বিষয় উল্লেখ রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রিমা শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 


















