নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার দুপুরে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পরবর্তীতে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) এবং চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদক ক্রেতা সেজে মাসকান্দা গ্রামে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পুলিশ মাদকসহ চক্রটিকে হাতেনাতে ধরতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ দুজনকে আটকে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। একই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিশেষ ক্ষমতা আইনের মামলার বাকি দুই আসামির নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর একজন চিহ্নিত মাদক কারবারি। মাত্র দুই মাস আগেও ৬০০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই মামলায় জামিন পেয়ে গত সোমবারই তিনি কারাগার থেকে বের হন।
কারামুক্ত হয়েই তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন—এমন গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 


















