আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামে ‘গ্রামীণ নারী সম্মাননা প্রদান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“গ্রামীণ নারীর উত্থান: বেইজিং +৩০-এর মাধ্যমে সহনশীল ভবিষ্যৎ নির্মাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK) এবং নেত্রকোণা জেলা গ্রিন কোয়ালিশন কমিটির যৌথ উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ২৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ছিলেন কৃষিতে পরিবেশবান্ধব চর্চা, প্রাণবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, টেকসই ও বিষমুক্ত কৃষি, জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন, কমিউনিটি বীজ ব্যাংক প্রতিষ্ঠা, জৈব পদ্ধতিতে বালাই দমন, বৃক্ষরোপণ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং পাখি ও প্রাচীন গাছ সংরক্ষণে অবদান রাখা নারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি গ্রামীণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিরলস পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের হাতে সম্মাননা তুলে দেন।
জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহ-সভাপতি আলপনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ নারীদের অবদান, পরিবেশ সংরক্ষণে তাঁদের ভূমিকা এবং টেকসই কৃষি ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















