জয়পুরহাটের পাঁচবিবিতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজকের এই অর্জন তোমাদের আগামী পথচলার অনুপ্রেরণা। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে তোমাদের আত্মনিয়োগ করতে হবে।” পরে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















