জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও সহকারী (হেলপার) বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্টাফ রিপোর্টার 


















