নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সূজন সূত্রধর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূজন সূত্রধর ওই গ্রামের সূমন সূত্রধরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সূজন বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তার একটি খেলনা পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজনের অগোচরে খেলনাটি তুলতে পুকুরে নামলে সে পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় এক ব্যক্তি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















