শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ অক্টোবর) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম কবির হোসেন (১৮)। তিনি পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোর্শেদ আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সেক্টরের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হলদীগ্রাম বিওপির একটি টহল দল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কবির হোসেনের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মদের সিজার মূল্য প্রায় ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, “শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 



















