মালয়েশিয়া: জীবনের তাগিদে এবং পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার আশায় সব হারিয়ে হাজার হাজার বাংলাদেশি পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায়। কিন্তু দালালচক্রের প্রতারণা আর ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে এক বিভীষিকাময় বাস্তবতায়। নথিপত্রহীন কিংবা অবৈধ আখ্যা দিয়ে দেশটির বিভিন্ন বন্দিশালা ও কারাগারে আটকে রাখা হয়েছে অসংখ্য প্রবাসীকে। স্যাঁতসেঁতে অন্ধকার প্রকোষ্ঠে কাটছে তাদের দিন-রাত, অথচ এই ‘রেমিটেন্স যোদ্ধাদের’ সাহায্যে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ভুগতে থাকা একাধিক প্রবাসী ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, দালালচক্রের মিথ্যা প্রলোভনে পড়ে অনেকেই ভিজিট কিংবা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক নৌপথে পৌঁছান সেখানে। কাজ কিংবা বৈধ আকামা দেওয়ার নামে সর্বস্ব লুটে নেওয়ার পর দালালরা গা-ঢাকা দিলে এসব শ্রমিক সম্পূর্ণ অনিয়মিত ও অসহায় হয়ে পড়েন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হয়ে ঠাঁই পান মালয়েশিয়ার কঠোর বন্দিশালাগুলোতে।
বন্দিদশার ভয়াবহ বর্ণনা দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী আকুতি জানিয়ে বলেন, “এখানে মানুষের মতো বাঁচার কোনো পরিবেশ নেই। দুই বেলার জায়গায় এক বেলা আধপেটা খেয়ে কোনোমতে প্রাণ টিকিয়ে রেখেছি। মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু আমাদের খোঁজ কেউ নেয় না। দেশে স্বজনেরা না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমরা এখানে জেলের অন্ধকারে পচছি।”
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ঠিক কতজন বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক রয়েছেন, তার কোনো সঠিক বা সরকারি পরিসংখ্যান নেই। তবে আনুমানিক হিসাব অনুযায়ী এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে (অনেকে ধারণা করছেন এ সংখ্যা কেবল নির্দিষ্ট কিছু ডিটেনশন সেন্টারেই বহু শত)। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, বন্দীদের মুক্ত করা বা আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সংস্থাগুলোর উদাসীনতার অভিযোগ তুলছেন প্রবাসীরা।
ক্ষোভ প্রকাশ করে এক প্রবাসী বাংলাদেশ জানান, “নেপাল বা অন্য কোনো দেশের শ্রমিক আটক হলে তাদের দেশের মন্ত্রী বা কূটনৈতিকরা ছুটে আসেন, অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করেন। অথচ যাদের কষ্টার্জিত রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে, তাদের বিপদের দিনে কেন এই রাষ্ট্রীয় নীরবতা? এটা অত্যন্ত হৃদয়বিদারক।”
উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা আকুল আবেদন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। তারা বলেন, “এসব মানুষ কোনো অপরাধী নয়; তারা কেবল একটি উন্নত জীবনের স্বপ্ন দেখেছিল এবং দালালদের প্রতারণার শিকার হয়েছে। অবিলম্বে সরকারি হস্তক্ষেপে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত করে কারাবন্দী বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”
প্রবাসীদের এখন একটাই দাবি—আর যেন কোনো প্রবাসী ভাই জেলের অন্ধকার কোণে হারিয়ে না যান। দ্রুত যেন তাদের মুক্ত করে প্রিয় মাতৃভূমিতে ফেরত পাঠানো হয়।

স্টাফ রিপোর্টার 


















