বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই মাদকের চালানটি উদ্ধার করে।
৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলমের দিকনির্দেশনায় তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে রোববার ভোর সাড়ে চারটার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজার ব্যবহার করে কয়েকজন চোরাকারবারির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। বিজিবির ৫-৬ সদস্যের টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে রাতের আঁধার ও স্থানীয় পানির মধ্য দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি বস্তা ও ব্যাগ সদৃশ মালামাল উদ্ধার করা হয়। সেগুলো তল্লাশি করে মোট ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম জানান, উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















