বান্দরবানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৩) নামের এক প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির চালক মো. জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে আসামির দেখানো ও শনাক্তমতে গাড়ির পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোর প্রতিটিতে ১০টি করে মোট ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট এবং প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিনজন সহযোগীকে নিয়ে প্রাইভেটকারযোগে তা পরিবহন করছিলেন। চট্টগ্রামের কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কেরানীহাট হয়ে বান্দরবানে প্রবেশ করেন এবং বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিনজন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
গ্রেফতারকৃত মো. জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার কাশেম মাস্টারের বাড়ির মোখলেচুর রহমান ও রফিয়া খাতুন দম্পতির ছেলে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অজ্ঞাতনামা সহযোগী ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















