খুলনায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও হিরের অলংকারসহ মো. সাইদুল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা-পুলিশ।
গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনের পাকা সড়কে নিয়মিত তল্লাশি করার সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর থানার বড়ইয়া কুড়ি এলাকার মীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
কেএমপি সূত্রে জানা গেছে, হরিণটানা থানা-পুলিশ জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে সাইদুলকে থামিয়ে তার দেহে ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে সোনা খচিত হিরের লকেটসহ ৩টি সোনার চেইন, ৪৫টি নোজপিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, ৮টি লকেট, ৩টি আংটি এবং ২টি ব্রেসলেট উদ্ধার করা হয়।
হরিণটানা থানা-পুলিশ জানায়, উদ্ধার করা এসব অলংকারের বৈধ কোনো কাগজপত্র বা উৎসের সঠিক ব্যাখা দিতে পারেননি সাইদুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গয়নাগুলো চোরাচালানের উদ্দেশে বহন করছিলেন।
এ ঘটনায় সাইদুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় হরিণটানা থানায় একটি মামলা করা হয়েছে (মামলা নম্বর: ৮, জিআর নম্বর: ৬৮)। উদ্ধার হওয়া সোনা ও হিরের অলংকারের বাজারমূল্য নির্ধারণ এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্টাফ রিপোর্টার 


















