ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২৫ প্যাকেট গাঁজাসহ একটি প্রাইভেটকার ও দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও নারী সমাজ।গত রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ফরদাবাদ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের বিষয়টি জানতে পারেন স্থানীয় ব্যক্তিবর্গ। পরে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ইউসুফ নাহিদ কনক, শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালার নেতৃত্বে স্থানীয় জনগণ ও এলাকার নারীরা সড়কে ব্যারিকেড দিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটকে দেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে কমলা ও হলুদ রঙের বস্তায় মোড়ানো ২৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কুদ্দুস ও মাসুদ রানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধারকৃত গাঁজা, প্রাইভেটকার ও আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে যান।
অভিযানের নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা রোমান আহমেদ বলেন, “আমাদের গ্রামকে রক্ষা করতে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছি। মাদকের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না।”
স্থানীয় সংগঠক ইউসুফ নাহিদ কনক বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে একটি চক্রের বিরুদ্ধে আজ এলাকার মা-বোন ও সাধারণ মানুষ এক হয়ে রুখে দাঁড়িয়েছেন।” শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের এই সামাজিক আন্দোলন ও প্রতিরোধ অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া স্থানীয় নারীরা জানান, সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত এ লড়াই চলবে।
ঘটনার সময় স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন, কবির হোসেন, মহসিন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরীক্ষা-নিরীক্ষা শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনার পর স্থানীয় অধিবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।

স্টাফ রিপোর্টার 













