নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও আলামতসহ মোঃ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।গত সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বড়িকান্দি (মোল্লাবাড়ী) গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রায়পুরার সমীবাদ গ্রামে মামার বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং তাদের পাহারায় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের যৌথ টিম ৩১ আগস্ট রাত ১২:০৫ ঘটিকার দিকে সমীবাদ বাজারস্থ খায়রুল নামে এক ব্যক্তির মাছের খাবারের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় স্থানীদের সহায়তায় সাব্বিরকে আটক করা হয়।
পরবর্তীতে তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ২৬, ৬, ৩ ও ৯ ইঞ্চির বিভিন্ন লোহার পাইপ (৪টি), ৪টি স্প্রিং, ৩টি হেক্সো ব্লেড, ২টি লোহার পাত, ১৭টি বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ৬টি ড্রিল মেশিনের বিট, ২টি ট্রিগার সদৃশ লোহা, ১টি ফায়ারকৃত ব্যবহৃত শটগানের কার্তুজ এবং একটি পুরাতন স্মার্টফোন উদ্ধার করা হয়।
রায়পুরা থানা পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্টাফ রিপোর্টার 














