বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিসেস ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম ওয়াহিদুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।
সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সমান অধিকার নিশ্চিত করতে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের অন্যতম সহায়ক উপকরণ। তাই তাঁদের প্রতি সহানুভূতিশীল আচরণের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী পরিবেশ তৈরি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।বক্তব্য রাখছেন জামায়াতের নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজাব্র্যাকের ফারহানা মিল্কি, বিএনপি নেতা আব্দুল আউয়াল, স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি শহিদুল ইসলাম

খন্দকার আব্দুল আলীম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 




















