আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা আনন্দময় ও নির্বিঘ্নভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।জেলা প্রশাসন জানিয়েছে, শেরপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্টাফ রিপোর্টার 



















